
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সোহেল গ্রুপের হাসান শেখ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসান শেখ চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
এর আগে বুধবার সকাল ৯টার দিকে আবেদ আলী ও সোহেল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন হাসান শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষে গুরুতর আহত রাসেল নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা রুজু হয়নি। ঘটনায় জড়িতদের আটকের প্রক্রিয়া চলছে।