
ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ওই গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
নিহতের ভাই আমিনুর ফকিরের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করে শনিবার রাতে টাকা দেওয়ার কথা বলে রাজিব শেখ ও তার পরিবারের সদস্যরা আলিনুরকে বাড়ি থেকে ডেকে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আলিনুরকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।