
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া হাটে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে হাটে বিক্রির উদ্দেশ্যে আনা বিভিন্ন বিক্রেতার কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ জালগুলো জব্দ করা হয়েছে। পরে উপজেলার অভ্যন্তরে জনসম্মুখে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।