
ডেস্ক নিউজঃ
কালিয়া উপজেলা পোস্ট অফিস রোডে (শিশুবিদ্যা নিকেতনের সামনে) অবস্থিত ঈমন মটরস এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির ৭টি মোটরসাইকেল পুড়ে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে যায়।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের পাশাপাশি দোকানের বিভিন্ন মালামালও আগুনে পুড়ে যায় অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান মালিক মুকুল অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কালিয়া হাসপাতালে এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজার এলাকায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।