
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার পাখীমারা এলাকা থেকে মোঃ জিল্লাল মোল্যা (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। ২৩ মে (শুক্রবার) ভোর পৌনে ৬ টায় ওই গ্রামের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জিল্লাল মোল্যা পাখিমারা গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজীব পাল রাজু, এএসআই(নঃ) মোঃ ইকবাল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ নূর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ জিল্লাল মোল্যাকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৪(চার) কেজি গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।