
ডেস্ক নিউজঃ
নড়াইলের নবগঙ্গা নদীর ভাঙ্গন থেকে বড়দিয়া বাজার ও মাদ্রাসা রক্ষায় মানববন্ধন করেছে ছাত্র ও এলাকাবাসী। ০২ অক্টোবর (বুধবার) বিকাল সাড়ে ৪টায় বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন নদীর পাড়ে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতুল্লাহ, বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল কুদ্দুস, দি পাটনা একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক মোল্যা শাহাদত হোসেন, বড়দিয়া কলেজের প্রফেসর মোল্যা সাখাওয়াত হোসেন, বড়দিয়া বাজারের ব্যবসায়ী মোল্যা বাবুল হোসেনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী বড়দিয়া একটি নাম করা নদী বন্দর। নবগঙ্গা নদীর ভাঙ্গনে সিংহভাগই চলে গেছে নদীগর্ভে। এর উত্তর পাশে ভাঙ্গন রোধের ব্যবস্থা নেয়া হলেও বড়দিয়া খেয়াঘাট ও ফেরীঘাটের মধ্যবর্তী স্থানের ভাঙ্গনে কোন ব্যবস্থা না নেওয়ায় আতংকে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীসহ বসবাসকারীরা। অতিদ্রুত ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানান বক্তারা।
এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জল কুমার সেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষটি অবগত করে শিঘ্রই নবগঙ্গা নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে স্থায়ীভাবে ভাঙ্গন রোধে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।