
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাসিম শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নাসিম শেখ উপজেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়া গ্রামের শহিদুল শেখের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরবি পড়ার জন্য প্রতিদিনের মতো নাসিম রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী চানপুর গ্রামের মসজিদের ইমামের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হন। পড়া শেষে চানপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের তানজারের বাড়ির সামনে পৌঁছালে চলন্ত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা শব্দ শুনে দৌড়ে গিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন নাসিমকে। এসময় স্থানীয় লোকজন নাসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে, জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নিহত নাসিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।