
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা গরুর হাটে স্থানীয় স্বেচ্ছাসেবকের মারপিটের শিকার হয়েছেন নছিমন ড্রাইভার জামিনুর মুন্সী। মাথায় আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে গুরুতর আহত হন তিনি। ৭ জুলাই (রবিবার) দপুরে এ মারপিটের ঘটনা ঘটে। আহত নছিমন ড্রাইভার নড়াগাতী গ্রামের জহুর মুন্সীর ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নছিমনে গরু নিয়ে পহরডাঙ্গা হাটের পার্শ্ববর্তী রাস্তায় থাকা কালে হাট কমিটির স্বেচ্ছাসেবক মৃত ছালেক দাড়ীয়ার ছেলে সোহেল দাড়ীয়ার গায়ে নছিমনের ধাক্কা লাগলে নছিমনে থাকা হ্যান্ডেল দিয়ে জামিরুলের পায়ে বাড়ি দেয়। অতঃপর তার আর এক শুভাকাঙ্ক্ষী মিজান শেখের ছেলে কাশেম শেখ (১৮) এসে দুজনে মিলে বাঁশের লাঠি দিয়ে পিটয়ে গুরুতর আহত করে। এরপর অজ্ঞান অবস্থায় স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী পল্লী চিকিৎসক বিল্লাল হোসেনের ফার্মেসীতে নিয়ে গেলে আধা ঘণ্টা পরে জ্ঞান ফেরে।

এ ঘটনায় বহিরাগত অনেক ব্যপারী ও সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ভীতির সঞ্চার লক্ষ করা গেছে। এ ধরণের ঘটনায় হাটের ব্যপক ক্ষতি হবে বলে মন্তব্য করেন তারা।
এ বিষয়ে ওই ফার্মেসীর পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন বলেন, অচেতন অবস্থায় রোগীকে আমার কাছে নিয়ে আসলে রোগীকে স্যালাইন ও অক্সিজেন দিয়ে প্রাথমিক ভাবে আধা ঘণ্টা পরে জ্ঞান আসে। তবে রোগীর মাথায় আঘাত থাকায় সিটিস্কান করে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। হাট কমিটি রোগীর চিকিৎসা খরচ বহন করবে বলে জানিয়েছেন।

এ বিষয়ে হাট পরিচালনা পরিষদের এক অংশের ইজারাদার আহসান আলী (লাবু শিকদার) বলেন, এ ঘটনা শুনে আহতকে তিনি দেখেছেন এবং সম্ভবমত চিকিৎসা খরচ বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি যাতে খারাপ পর্যায়ে না যায় সে জন্য উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দিবেন বলে জানান তিনি।