
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার পশ্চিম ডুমুরীয়া গ্রামে দুগ্রুপের হামলায় উভয় পক্ষের ১০টি বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হেকমত শেখের ছেলে তুহিন শেখ(৩৭) ও বাচ্চু সরদারের ছেলে তহিদ সরদার গুলিবিদ্ধ হয়েছে। ১৪ জুন (শুক্রবার) রাত ৮টার দিকে ওই গ্রামের দোতলা জামে মসজিদের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে,গুলিবিদ্ধ দু’জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় তৈয়েব শেখ, সৈয়েব শেখ, নওশের শেখ, কায়েম শেখ, রহমান সরদার, হাফিজুর সরদারেরসহ ৬টি বাড়ীঘর আংশিক ভাংচুর হয়।
অতঃপর ১৫ জুন (শনিবার) ভোর ৬টায় হাফিজুর শেখ, সাহিদ শেখ, হেলাল শেখ, হাচিবুর শেখ, হাসান শেখ ও হোসেন শেখসহ ৬টি পরিবারের বসতবাড়ী ও মালামাল ভাংচুর ও লুটপাট করা হয়। এ সময় প্রতিপক্ষের কোপে গুরুতর আহত শহিদ শেখকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত।

সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামে দুটি গ্রুপের নেতৃত্ব দেন উকিল শেখ ও তৈয়ব শেখ। বিগত ১০/১১ বছর আগে তৈয়ব গ্রুপের গুলিবিদ্ধ তুহিনের চাচা আনিস শেখ, উকিল গ্রুপের মুনছুর বিশ্বাসের নিকট থেকে সরকারী ষ্ট্যাম্প মূলে ৯ লক্ষ ৬০ হাজার টাকায় ৪৫ শতক জমি খরিদ করে দখল বুঝে নেন। প্রতিশ্রুতি মোতাবেক দলিল না করে দিয়ে ২/৩ বছর পর জোর পুর্বক ওই জমি দখল নিয়ে নেয় তারা। এ নিয়ে অনেকবার সালিশে টাকা ফেরত দেওয়ার কথা হলেও না দেওয়ায় দু’গ্রুপের দ্বন্দ্ব চলমান থাকে। এরই ধারাবাহিকতায় গত কাল উকিল গ্রুপের আহম্মদ বিশ্বাস ও মুকুল শেখ প্রতিপক্ষের দু’জনকে গুলি করে আহত ও বাড়ী ঘর ভাংচুর করে বলে জানান তৈয়ব শেখ গ্রুপের হেকমত শেখসহ অনেকে।

এদিকে উকিল গ্রুপের দাবী তৈয়ব গ্রুপ চেয়ারম্যানের সেল্টারে চলে। গোলাগুলির বিষয়টি তারা নিজেরা ঘটিয়ে এদের ওপর দায় চাপিয়ে বাড়ী পুরুষ শূণ্য করে আজ সকালে ৬টি বাড়ীঘর ও মালামাল ভাংচুরসহ টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। থানা পুলিশকে বিষয়টি জানিয়েছে বলে জানান।
এ বিষয়ে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম চুন্নু সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।
অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব সরকার বলেন, কোন পক্ষই এখনো লিখিত অভিযোগ করেনি। তবে বাড়ী ভাংচুর ও অস্ত্রের বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।