
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে ফারজানা (৪) নামে এক শিশু স্রোতের টানে নিখোঁজ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গুচ্ছগ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা আরও দুই শিশুর সঙ্গে পাশের নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য খুলনা থেকে ডুবুরি দল আনা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।