
ডেস্ক নিউজঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ইচাখালী এলাকায় মধুমতি নদীর ওপর নির্মিত কোটাকোল ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (২৪ মার্চ/২৬) রাতের দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় গোপালগঞ্জ সদর থানার ইচাখালীর পারে কোটাকোল ব্রিজের নিচে নদীতে একটি মরদেহ ভাসছে। অতঃপর বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রাত ৮ টার দিকে ইছাখালী খেয়াঘাট সংলগ্ন নদীর পাড় থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মৃত নারীর উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। তার গায়ে কালো ছাপা বোরকা ও পরনে কালো রঙের ফুল টাইস ছিল। বয়স আনুমানিক ৩২ বছর।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।