
ডেস্ক নিউজঃ
আগামীকাল (মঙ্গলবার) থেকে নড়াইলের বড়দিয়ায় শুরু হচ্ছে বাঙালির আবহমানকালের সংস্কৃতি ও শত বছরের ঐতিহ্যের ধারক লক্ষ্মীপূজার মেলা। সপ্তাহব্যাপী এ মেলা উপভোগ করতে হলে আপনাকে আসতে বৃহত্তর যশোহর জেলার প্রধান নদী বন্দর মধুমতি -নবগঙ্গার মিলনস্থল নড়াইল জেলার কালিয়া ও লোহাগড়া উপজেলার “বড়দিয়ায়”
প্রাচীন এই জনপদে লক্ষ্মী পূজার মেলা শত বছরের। কালের বিবর্তনে মেলার যৌলুস হারালেও মেলাকে ঘিরে গড়ে উঠা সাম্প্রদায়িক সম্প্রীতি আজও বিদ্যমান। “ধর্ম যার যার, উৎসব সবার” এই বাস্তবতা দেখতে হলে আপনাকে আসতে হবে বড়দিয়ার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজার মেলায়!
আগের দিনে দূর্গা পূজার শুরুর সাথেই বসতো যাত্রা, পুতুল নাচ, সার্কাস, নাগোর দোলাসহ বিনোদনের অসংখ্য মাধ্যম। তবে কালের বিবর্তনে যাত্রা, সার্কাস পুতুল নাচ হারিয়ে গেলেও বর্তমানে নৌকাবাইচ ও আধুনিক বিভিন্ন ধরনের রাইডার, জাদু এবং শিশুদের বিনোদনের বিভিন্ন মাধ্যম মেলায় দৃষ্টি আকর্ষণ করে।
এছাড়া বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিক, মাটির , কাঠের, প্লাস্টিকের তৈরি তৈজসপত্র, কৃষি উপকরণসহ সংসার ও সমাজ জীবনের প্রয়োজনীয় অনেক অ-নে-ক উপকরণের পসরা নিয়ে দোকানীরা রয়েছে এই মেলায়।

মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে ” মিষ্টি”
অসংখ্য মিষ্টির দোকানে হরেক রকমের মিষ্টিতে ভরপুর মেলার মাঠ। প্রবাদ আছে “ঘ্রাণে অর্ধেক ভোজন” সত্যিই তাই! মিষ্টির ঘ্রাণ, দেখা এবং খাওয়ার পাশাপাশি কারিগরদের সুনিপুণ কৌশল আপনাকে অবাক করে দেবে! মূহুর্তের মধ্যেই শত শত কেজি মিষ্টি তৈরি যেমন হচ্ছে এবং বিক্রিও হচ্ছে তেমনি। বিভিন্ন ধরনের ফাস্টফুড ও মুখরোচক খাবার আপনার রসনা বিলাসের জন্য যথেষ্ট পরিমাণে আছে এই মেলায়।
তবে আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও দু’একদিন আগে থেকেই দোকানীরা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।
বাঙালির আবহমানকালের যে সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, তার বাস্তব চিত্র বড়দিয়ার ঐতিহাসিক লক্ষ্মী পূজার মেলায় দেখতে পাবেন বলে জানিয়েছেন মেলা কমিটি।