
ডেস্ক নিউজঃ
নড়াইলে কর্মকর্তার খামখেয়ালীতে শেষ কর্ম দিবসেও ঈদ বোনাস ও বেতন ভাতা পেলেন না রহিমা বেগম (৪৬)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসের অফিস সহায়ক পদে চাকুরী করে। তিনি বড় আশা করে ছিলেন ঈদের আগে অন্তত বোনাস ও বেতন-ভাতা পাবেন। কিন্তু ঈদ বোনাস ও বেতন ভাতা ছাড়াই তার ঈদ পার করতে হবে। লোহাগড়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) মোহাম্মদ কামরুজ্জামান মিয়া তার বেতন ভাতা ও ঈদ বোনাস না দিয়ে অফিস ত্যাগ করেছেন।
ভুক্তভোগী মোসা. রহিমা বেগম (৪৬) অভিযোগ করে বলেন, বকেয়া বেতন-ভাতার টাকা পাওয়ার জন্য ওই কর্মকর্তার কাছে ধর্না দিয়েও বেতন ভাতা তিনি পান নাই। ঈদের আগে সরকারি অফিসের শেষ কর্ম দিবসে তাকে বেতন ভাতা দেয়া হবে,এমন আশায় তিনি ছিলেন। কিন্তু না! শেষ পর্যন্ত কোন বকেয়া বেতন-ভাতা না দিয়েই গোপনে অফিস ত্যাগ করে নিজ বাড়িতে চলে গেছেন বিআরডিবি’র লোহাগড়া উপজেলা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মিয়া ।
ভুক্তভোগী ওই মহিলা আরো জানান, অভিযুক্ত ওই কর্মকর্তা নিয়মিত অফিস করেন না। কারণে-অকারণে তিনি ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করে থাকেন। ছোট পদে চাকুরী করার কারণে তারা বিষয়টি মেনে নেন।
লোহাগড়া উপজেলা বিআরডিবি’র কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।