
হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের শাস্তি দাবি, স্টেট ডিপাার্টমেন্ট ও সিপিজের উদ্বেগ স্বাচ্ছন্দে পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তাহীনতার সংবাদে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি গণমাধ্যমের অফিসে দুর্বৃত্তদের হামলা এবং ব্যাপক ভাংচুরের পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে ২০ আগস্ট অ্যান্থনি ব্লিঙ্কেনের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এটা আমরা স্বীকার করছি যে, বাংলাদেশের সাংবাদিকরা রিপোর্ট করার ক্ষেত্রে তথা পেশাগত দায়িত্ব পালনে অস্বাভাবিক রকমের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। এবং আমরা তাদের নিরাপত্তা ও রিপোর্টিংয়ের স্বাধীনতায় এ ধরনের অন্তরায়ের জন্যে আমাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করছি। চরম অস্থিরতা ও দাঙ্গা-হাঙ্গামার মধ্যেও সাংবাদিকরা সঠিক সংবাদ জনসাধারণকে জানানোর জন্যে যে ত্যাগ স্বীকার করছেন তাও অকপটে স্মরণ করছি। এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রতিদিনের প্রশ্ন ছিল: ১৯ আগস্ট সোমবার দুপুরে ঢাকায় বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিনসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর টিভি, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম’, টি-স্পোর্টস টিভি ও ক্যাপিটল এফএম রেডিও অফিসে একযোগে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার দিন একাত্তর টিভি, এটিএন বাংলা টিভি-সহ আরো ৫টি গণমাধ্যমে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। হামলার সাথে জড়িত দৃর্বৃত্তরা গ্রেফতার হয়নি। এর ফলে চরম ভীতির মধ্যে আছেন সাংবাদিকরা।
একইসাথে আরেকটি প্রশ্ন ছিল : জাতিসংঘের একটি তদন্ত টিম ঢাকায় যাচ্ছে ছাত্র-জনতার তুমুল আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তি/গোষ্ঠিকে চিহ্নিত করার অভিপ্রায়ে। ১৫ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্তের সহিংসতাকে তদন্তের আওতায় আনার আহবান রয়েছে বিভিন্ন মহল থেকে। কারণ, ইতিমধ্যেই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যেকার সহিংসতার ব্যাপারে তদন্তের কথা বলেছেন। যদিও সহিংসতা এখনো অব্যাহত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্টেট ডিপার্টমেন্টের কোনো অভিমত আছে কিনা। জবাবে ডিপার্টমেন্টের মুখপাত্র বাংলাদেশ প্রতিদিনকে জানান: সাম্প্রতিক সকল সহিংসতার জন্যে জবাবদিহিতা নিশ্চিত করতে পূর্ণ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।
সিপিজের নিন্দা : সারাাবিশ্বের কর্মজীবী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস’ (সিপিজে)’র এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর বেহ লিহ ঈ ২০ আগস্ট বলেছেন, সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ঢাকা অফিসে ন্যাক্কারজনক হামলা-সহ বাংলাদেশে সাংবাদিকদের ওপর যে কোন ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা ইস্যুটিকে প্রাধান্য দিয়ে কর্তৃপক্ষ অবশ্যই দুর্বৃত্তদের বিচারে সোপর্দ করবেন। রাজনৈতিকভাবে তারা যে মতাদর্শেরই হউক না কেন পেশাগত কারণে কোনো সাংবাদিক অথবা পত্রিকা অফিস আক্রান্ত অথবা হামলার শিকার হওয়া উচিত নয় ।বাংলাদেশ প্রতিদিনকে সিপিজে’র এশিয়া প্রোগ্রাম কোঅর্ডিনেটর বেহ লিহ ঈ উপরোক্ত কথা বলেছেন।