
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আকতার মুন্সীর শিশু কন্যা সুফিয়া(৯) এর রহস্যজনক মৃত্যুর তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের শাস্তির দাবী করেছেন এলাকাবাসী। ৪ মে (শনিবার) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, ওই গ্রামে দীর্ঘদিন যাবত দুটি গ্রুপের মধ্যে সংঘাত বিদ্যমান। একটি গ্রুপের নেতৃত্ব দেন আত্তাব মোল্যা ও রিকাইল শেখ এবং অপর গ্রুপের নেতৃত্ব দেন শামীম শেখ। কিছুদিন আগে আফতাব ও রিকাইল গ্রুপের নৃশংসতার শিকার তোহিদ শেখের ছেলে তামিম ও একই গ্রুপের মোরাদসহ ৩ জন গুরুতর আহত হয়। মোরাদ এখন পঙ্গুত্ব বরন করছেন। এ ঘটনায় মামলা চলমান রয়েছে। আত্তাব মোল্যা ও রিকাইল গ্রুপের মূখের ভাষ্য পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা সুফিয়াকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।
স্থানীয়রা বলেন, এখানে পক্ষ বিপক্ষ অভিযোগ আনা দুঃখজনক। সুফিয়া শিশু বাচ্চা, তার সাথে কারো শত্রুতা থাকবে কেন? আমরা চাই সঠিক তদন্তপূর্বক প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। তবে প্রতিহিংসা পরায়ন হয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য কোন নিরপরাধ লোককে যেন হয়রানী না করা হয়।
নিহত সুফিয়ার চাচা আশরাফুল আলমের স্ত্রী আসমা বেগম ও আফতাব মোল্যা বলেন, সুফিয়াকে কে বা কারা হত্যা করেছে আমরা দেখি নাই। অহেতুক কারোর নাম বলা ঠিক না। আমরা চাই প্রকৃত দোষীরা আইনের আওতায় আসুক।
প্রকাশ থাকে যে, প্রতিদিনের ন্যায় ১লা মে (বুধবার) সকাল ৯ টার দিকে আত্তাবের ইট ভাটার উপর দিয়ে রিকাইলের ইট ভাটায় তার বাবার খাবার দেওয়ার পর সুফিয়া আর বাসায় ফেরেনি। পরবর্তীতে মাইকিংসহ বিভিন্ন জায়গায় খুঁজে ও তাকে না পেয়ে কালিয়া থানাকে বিষয়টি অবহিত করে। ২ মে (বৃহস্পতিবার) কালিয়া উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে শিশু সুফিয়ার বিবস্ত্র মৃত দেহ উদ্ধার করে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ী।