
আমিন টিভি ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া গ্রামে ঘটনাস্থলে না থেকেও মামলায় আসামী হয়েছে দাখিল পরীক্ষার্থী জিহাদ শিকদার (১৭)। গত মাসের ১৮ তারিখ রাতে ওই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাই নাজির মোল্যা ও উজির মোল্যার মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় জিহাদ শিকদার ঘটনাস্থলে না থেকেও কোপের আসামী হয়েছে। ০৩ এপ্রিল (বুধবার) সকাল ১০ টায় এমনটি অভিযোগ এনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভুক্তভোগী জিহাদ শিকদারের স্বজন ও প্রত্যক্ষ দর্শীরা।
তারা বলেন, আপন চাচাত ভাই নাজির ও উজির মোল্যার সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন তারা উভয়ে মারপিটে জড়িয়ে পড়ে। তাদের দু’ভাইয়ের মারামারিতে মাদ্রাসা পড়ুয়া জিহাদ শিকদার না থাকলেও পূর্ব শত্রুতার জেরে তাকে মামলায় আসামি করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে জিহাদকে মামলা থেকে অব্যাহতি দাবি জানান তারা।
৮ নং ওয়ার্ডের (বিলদুড়িয়া) মেম্বার জাকির হোসেন বলেন, জিহাদ মাদ্রাসায় পড়ুয়া একটি ভাল ছেলে। আমি জেনেছি ঘটনার সময় সে ওখানে ছিলনা। জিহাদ এবার এস এস সি পরীক্ষা দিয়েছে, পূর্ব শত্রুতার জেরে মিথ্যা আসামী থেকে তাকে মুক্তি দেওয়া হোক।
এ দিকে প্রতিপক্ষের নাজির মোল্যা জানিয়েছেন, ঘটনাস্থলে জিহাদ ছিল এবং সে আমার মাজায় কোপ দিয়ে গুরুতর আহত করে।
উল্লেখ্য, গত মাসের ১৮ তারিখে ওই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাই নাজির মোল্যা ও উজির মোল্যার মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সে সময় নাজির মোল্যা ও উজিরের ছোট ভাই রাজু আহত হয়। পর দিন উভয় পক্ষই কালিয়া থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।