
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মোঃ জাহাঙ্গীর আলম।

এ কর্মসূচির আওতায় শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত মিড-ডে-মিল দোকান থেকে কুপনের মাধ্যমে নিজেদের পছন্দমতো স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের সুযোগ পাবে। কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর আলম।

প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহসভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ, মহিলা সদস্য সানজিদা ইসলাম তিনা ও আরাফা সুলতানা।


এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের আটটি বিভাগের আটটি বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগের একমাত্র বিদ্যালয় হিসেবে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির জন্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

এ কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।