
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় অনলাইনে পণ্য বিক্রি ও চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সজল শেখ ও মো. হেলাল উদ্দিন কাজী নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) পুলিশ জানায়, গত রাতে উপজেলার পেড়লি ইউনিয়নের খড়ড়িয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, চক্রটি ফেসবুক পেজে কম দামে পণ্য বিক্রি ও অনলাইন চাকরির প্রলোভন দেখিয়ে অগ্রিম টাকা হাতিয়ে নিত। এ ঘটনায় আরও ১০ জন পলাতক আসামির নাম-ঠিকানা পাওয়া গেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, জব্দ করা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে সাইবার অপরাধের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।