
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজের উদ্বোধন করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নেতাকর্মীরা জানান, সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে নদীভাঙন রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান, বিএনপি নেতা ও বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন, বিএনপি নেতা বাবলু মোল্যা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাবেক ব্যাংক কর্মকর্তা নিরঞ্জন দাশ ঝন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ১১ অক্টোবর দুপুর থেকে বড়দিয়া বাজারে ভয়াবহ নদীভাঙন শুরু হয়। এতে ৮-১০টি চায়ের দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে কালিয়ার ইউএনও মো. জিন্নাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্যোগকালীন প্রণোদনা প্রদান করেন এবং ১৩ অক্টোবর নদীভাঙন রোধে প্রাথমিক কার্যক্রম শুরুর কথা জানান।