
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে এক বাড়ির আঙিনায় পরিত্যক্ত অবস্থায় রাখা সন্দেহজনক বিস্ফোরক সাদৃশ্য বস্তু মঙ্গলবার রাতে উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছোট কালিয়া গ্রামের নাসিরের বাড়ির আঙিনায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে।
প্রাথমিকভাবে যশোর ও খুলনা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে। তবে তারা পুরোপুরি নিষ্ক্রিয় করতে সক্ষম না হওয়ায় বিষয়টি ঢাকার বিশেষজ্ঞ দলের কাছে জানানো হয়। র্যাবের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ সময় সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা চালায়।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষজ্ঞ দল বস্তুটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এ সময় আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া বস্তুটি দেশীয়ভাবে তৈরি শক্তিশালী বিস্ফোরক হতে পারে। তবে এটি কীভাবে সেখানে রাখা হলো এবং কারা এর সঙ্গে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।