
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকায় বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে আলিপ মোল্যা নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে। ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে তাদের ভাড়া বাড়ীর পার্শ্ববর্তী বাগানে এ ঘটনা ঘটে। আহত আলিফ মোল্যা নড়াগাতী থানার জয়নগর গ্রামের প্রবাসী রাচ্চু মোল্যার ছেলে ও ছোট কালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। ছোট কালিয়া এলাকায় তারা ভাড়া বাসায় থাকে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলিপকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
আহত আলিপের মা সাথী বেগম জানান, তাদের ভাড়া বাসা সংলগ্ন রানু বেগমের বাড়ীতে কে বা কারা একটি ব্যাগ রেখে যায়। এরপর তারা ওই ব্যাগটি বাগানে ফেলে দেয়। অতঃপর কৌতুহল বশতঃ রানু বেগমের ছেলে ও আলিপ বাগানে গিয়ে ওই ব্যাগটি দেখতে যায়। ব্যাগের ভিতর বোমা সাদৃশ্য বস্তুটি দেখে আলিপ হাতে নিলে গরম অনুভুত হলে সে ছুড়ে ফেললে বিস্ফোরণ ঘটে।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও পার্থ প্রতিম বিশ্বাস এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বক্তব্য দিতে পারবেন না বলে জানান।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সাদৃশ্য বস্তুটির বিস্ফোরিত কিছু অংশ পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। পরীক্ষা শেষে এর বিস্তারিত জানা যাবে।