
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতীতে ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) বিকালে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ঘোশিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন আক্তার শারমিন নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিরিন আক্তারের স্বামী চাকুরী করার সুবাদে দুই মেয়েকে নিয়ে তারা ঢাকায় থাকেন। কয়েকদিন আগে নিজ বাড়ি ইসলামপুরে আসেন তারা। এরপরে ওই গৃহবধুর স্বামী ঢাকায় চলে যান। বুধবার বিকেলে শিরিন তার দুই মেয়েকে নিয়ে শশুর বাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশ্যে রউনা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘোশিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌছালে অসাবধানতা বসত পরনে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।