ডেস্ক নিউজঃ
নড়াইলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) অভিযানে হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। এর আগে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চারটি থানা এলাকা থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় সিসিআইসির সদস্যরা হারানো মোবাইল ফোন উদ্ধার ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছেন। এ কার্যক্রমে এসআই রাজেশ কুমার দাশ, এসআই প্রসেনজিত ঘোষ, এসআই মো. রাকিবুল হাসানসহ সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করেন।
হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।
পুলিশ আরও জানায়, মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এ সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।