ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল খেয়াঘাট এলাকায় বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তৈয়ব আলী মোল্যা কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত বালা মোল্যার ছেলে।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কোটাকোল খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তৈয়ব আলীকে তল্লাশি করে একটি খয়েরি রঙের লাগেজ ব্যাগের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেটে রাখা মোট ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক গোলক মজুমদার বলেন, “১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”