নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় অনলাইন জুয়া ও প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া ও প্রতারণায় ব্যবহৃত মোবাইল ডিভাইস উদ্ধার করা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঝামারঘোপ বাজারের ‘মা’ ফার্মেসিতে অভিযান চালায় ডিবি। পুলিশের দাবি, সেখানে ফরহাদ হোসেনকে প্রধান এজেন্ট হিসেবে সহযোগীদের নিয়ে অনলাইন জুয়া পরিচালনার সময় আটক করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন—সজীব হোসেন, প্রসেনজিৎ মজুমদার, জমির মোল্যা, আলাউদ্দিন মোল্যা, লাহু মিনহাজ, নাজমুল মোল্যা, ফরিদ হোসেন ও বিবেক বিশ্বাস।
ডিবি জানায়, উদ্ধার করা ডিভাইসে 1xBet, Melbet, CK44.Com, F11-সহ বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপ এবং ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। পুলিশ অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে যাচাই ছাড়া আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে।