ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আটঘরা এলাকায় জামাত নেতা হাসিবুর মোল্লার বিরুদ্ধে অভিযোগ ওঠা অবৈধ কয়লা ভাটার তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়লা ভাটা পরিচালিত হচ্ছে। ভাটার কালো ধোঁয়ায় পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফসলি জমি, বসতবাড়ি ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তথ্য সংগ্রহে গেলে ভাটার মালিক হাসিবুর মোল্লা ও তার লোকজন সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করতে চাপ দেন এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা, গালিগালাজ ও অবরুদ্ধ করে রাখার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা ঘটনার তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ ওঠা অবৈধ কয়লা ভাটার বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন।