ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে মো. হাসুম শেখ (৩৯) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসুম শেখ ওই গ্রামের আকবর শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা মোবাইল ফোনে হাসুম শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রায় এক থেকে দেড় ঘণ্টা বাইরে থাকার পর তিনি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।