ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার ০৩ জুলাই) বিকেলে পলইডাঙ্গা-মহারাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলইডাঙ্গা-মহারাগ ও ভদ্রবিলা গ্রামের তরুণদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে ওই বিরোধ মীমাংসার জন্য আলোচনায় যাওয়ার পথে রাস্তার পাশে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন মোস্তফা কাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।