ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে লাজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী আব্দুর রহমান শেখসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন।
নিহত লাজিনা উপজেলার পিরোলী গ্রামের খানকাহপাড়া এলাকার মোজাম মল্লিকের মেয়ে। স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়; পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, লাজিনাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। ঘটনার পর বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় সন্দেহ আরও বেড়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, "ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"