ডেস্ক নিউজঃ
নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সহায়তায় মে মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে হারানো মোবাইল ও প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করা হয়। মোবাইল ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আলাউদ্দিন, সিসিআইসি'র ওসি মো. আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।