ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে অবস্থিত ঐতিহাসিক রাণী রাসমণি এস্টেটের কাচারিবাড়ি পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। সোমবার (১১ মে) তারা প্রাচীন স্থাপনাটি ঘুরে দেখে এর সংরক্ষণ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত করার সম্ভাব্যতা যাচাই করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা কাচারিবাড়ির স্থাপত্যশৈলী, বর্তমান অবস্থা ও সংরক্ষণের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। স্থানীয়দের দাবি, যথাযথ সংস্কার ও সংরক্ষণ করা হলে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
ঐতিহাসিক সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে রাণী রাসমণির জমিদারি নড়াগাতি অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। সেই সময়েই প্রতিষ্ঠিত হয় এই কাচারিবাড়ি। স্থাপনাটির পাশে রয়েছে প্রাচীন কালী মন্দির, পুকুর ও ধ্বংসাবশেষ, যা এর ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি উদ্যোগে সংরক্ষণ করা গেলে কাচারিবাড়িটি ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।