ডেস্ক নিউজঃ
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী প্রশাসনিক থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম জাতীয় সংসদের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি আবেদনপত্র দিয়েছেন। এ সংবাদ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সুবিধা বঞ্চিত নড়াগাতী থানার আপামর জনগণ নতুন স্বপ্নে বিভোর হয়ে সাধুবাদ জানিয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলমকে, পাশাপাশি নড়াগাতী বাসীর এ স্বপ্ন দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল প্রশাসনিক এলাকা। থানার অধীনে কয়েকটি ইউনিয়নের বিপুল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও উন্নয়নমূলক নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে এসব এলাকার মানুষকে বিভিন্ন সরকারি কাজ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও দুর্ভোগপূর্ণ।
বিশেষ করে নদী ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে স্থানীয় জনগণের ভোগান্তি আরও বেড়েছে এবং এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীত করা হলে স্থানীয় জনগণ সহজে সরকারি সেবা পাবে এবং এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এ সাংসদ।