ডেস্ক নিউজঃ
নড়াইল সদর উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগান হয়েছে। গত শনিবার রাতে উপজেলার শিমুলিয়া বিধুমুখী সার্বজনীন পূজা মন্দির চত্বরে এ আয়েজন করা হয়। স্থানীয় হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এ আয়োজন করে। এর আগে সকাল-সন্ধ্যা চলে তাঁদের কর্মী সভা, মতুয়া সম্মেলন ও আলোচনা সভা। সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা মতুয়া মিশনের সভাপতি সুজয় কুমার বিশ্বাস। সাধারণ সম্পাদক পীযুষ বিশ্বাস ও মতুয়া শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল, সাধারণ সম্পাদক দেব মজুমদার প্রমুখ।
আয়োজকরা জানায়, নড়াইল সদর উপজেলার কলোড়া, সিঙ্গাশোলপুর ও বিছালী ইউনিয়নে মতুয়া মিশনের কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এসব আয়েজন করা হয়।
জেলা মতুয়া মিশনের সভাপতি অসিম পাল বলেন, মতুয়া সম্প্রদায় ভালবাসার কাঙ্গাল। এই সম্প্রদায় কোন রাজনৈতিক দলের না। ভালবাসা দিয়ে যারা জয় করতে পারবেন, তারা মতুয়া সম্প্রদায়ের ভোট পাবে। আমাদের মতুয়াদের প্রতিটি দলে কম করে এক হাজার লোক আছে।তারা কেউই রাজনৈতিক দলের সাথে থাকে না। নড়াইল ৪৭ টি জায়গায় মতুয়া সম্মেলন হয়। মতুয়ারা এখন সংগঠিত৷ মতুয়াদের নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাদের ছাড়া দেওয়া হবে না। পিযুষ বিশ্বাস বলেন, মতুয়া ধর্মের ইতিহাস, হরিচাঁদ–গুরুচাঁদের আদর্শ, সাম্য, মানবতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরতে আমাদের এ মতুয়া উৎসব।