ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়ায় অভিযানে ৫ টি ইটের ভাটা গুড়িয়ে দিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর।
৯ ডিসেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী অভিযানে ড্রাম চিমনীর ইটের ভাটাগুলি গুড়িয়ে দেওয়া হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহ মালেক এর উপস্থিতিতে ও খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়ায় এসএমবি, সালামাবাদ ইউনিয়নের স্টোন, আরবিআই ও খাশিয়াল ইউনিয়নের এমসিবি ব্রিক্সসসহ মোট পাঁচটি ভাটার কাঁচা ইট ও ড্রাম চিমনীসহ ক্লিনিক ভেঙ্গে দেওয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতাজ বেগম বলেন, সনাতন পদ্ধতির ড্রাম চিমনীর ভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। তাই এই ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারীভাবে স্পষ্ট বলা আছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে ভাটা পরিচালনা করতে হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।