ডেস্ক নিউজ
“আপনার চোখকে ভালোবাসুন”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ উপলক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ভিশন সেন্টারে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য পদযাত্রার শেষে ব্যারিষ্টার হাফিজ হাসপাতালের পিরোলী ভিশন সেন্টারে দিনব্যাপী এ আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ব্যাপক উচ্ছ্বাস, দৃষ্টিসেবায় আন্তরিক আগ্রহ এবং স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার শিরোমণি বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালক ও ম্যানেজিং ট্রাস্টি ডা. মো: নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ, সহ-সভাপতি মোঃ মাসুমার রহমান মাসুম, চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ এহসানুল কবির, অর্থ কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান ও পশ্চিম পেড়লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচানা সভা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যারিষ্টার হাফিজ ফাউন্ডেশনের তত্বাবধায়ক মোঃ কামাল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এতদঅঞ্চলে চোখের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তারা চোখের স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত চক্ষু পরীক্ষা ও সঠিক দৃষ্টিসেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।