মোঃমামুন, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
গাছ থেকে পড়ে মারাত্মক দুর্ঘটনায় আহত হয়ে জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চরফ্যাশন উপজেলার বাগন আলী। মর্মান্তিক এ দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়। দুর্ঘটনা ২০ দিন পার হলেও অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় দিন দিন তার অবস্থার আরও অবনতি হচ্ছে। বাগন আলী উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল এলাকার মৃত্যু বাবুল বয়াতির ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাগান আলী তাদের পরিবারের আয়-রোজগারের একমাত্র উৎস ছিল । কিন্তু এই দুর্ঘটনায় তিনি সম্পূর্ণ অচল হয়ে পড়েছেন।
স্ত্রী ও দুই কন্যা, যাদের মধ্যে একজন প্রতিবন্ধী। ভিটেমাটিহীন এই পরিবার অন্যের জমিতে বসবাস করে। জীবনের হাল ধরার মতো কেউ নেই পরিবারে। দুর্ঘটনার পর তার স্ত্রী এবং বোন মানুষের সহানুভূতির ওপর নির্ভর করে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তবে অর্থাভাবে পুরোপুরি চিকিৎসা করানো সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা মোঃ নয়ন বলেন, “বাগন আলী আমাদের এলাকার ভদ্র ও পরিচিত মানুষ। কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে পা ভেঙে সব হারিয়ে এখন নিঃস্ব। মাঝে মাঝে আমরা খাওয়াদাওয়ার ব্যবস্থা করি, কিন্তু এটা তো স্থায়ী সমাধান নয়! প্রশাসন একটু সহানুভূতি দেখালে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
চিকিৎসকদের মতে, বাগন আলী সুস্থতা এবং স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা প্রয়োজন। এই বিপদের সময় সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন বাগান আলীর পরিবার। যোগাযোগ নাম্বার বিকাশ পার্সোনাল 01726-758942