ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে জাহাঙ্গীর চেখ (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় তাঁর ছেলে নাহিদ গুরুতর আহত হয়েছে। ১৬ জুলাই (বুধবার) বেলা সাড়ে ১১ টার দিকে কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পক্ষের লোকজনের অভিযোগ, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাউসার শেখদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর শেখের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। আজ বুধবার সকালে ছেলে নাহিদকে সঙ্গে নিয়ে বাহিরপাড়া মাঠে বিরোধপূর্ণ জমিতে চাষবাদ করতে গিয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষ কাউসার ও তাঁর লোকজন পরিকল্পিতভবে দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এসময় জাহঙ্গীর ও তাঁর ছেলে নাহিদ প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তা তেমন কোনো কাজে আসেনি। হামলাকারীরা জাহাঙ্গীর ও তাঁর ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। এতে কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাহাঙ্গীরের ছেলে নাহিদকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে জাহাঙ্গীরদের প্রতিরোধের মুখে কাউসারদের একজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানালেও, তাঁর ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। আর ঘটনার পর থেকেই কাউসার শেখ ও তাঁর পরিবারের লোকজন আত্মগোপন চলে যাওয়ায় তাঁদের পক্ষের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, জায়গা-জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ছিল। একপক্ষ জমিতে কাজ করতে গেলে আরেকপক্ষ হামলা চালায়৷ এতে দুই পক্ষের লোকই আহত হয়েছে। ঘটনাস্থলে জাহাঙ্গীর নামে একজন কৃষক নিহত হয়েছে। নিহত ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারে অভিযান চলছে। এছাড়া পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক আছে।