ডেস্ক নিউজঃ
নড়াইলে ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু কেনাবেচার অন্যতম কেন্দ্রস্থল সদর উপজেলার মাদ্রাসা হাটে চাঁদাবাজি ও অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ দল। ০৩ জুন (মঙ্গলবার) বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এ সময় অতিরিক্ত ফি আদায়ের অপরাধে ৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম মনোয়ারুল আলম।

এর আগে হাটে আসা সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রাথমিকভাবে হাট কমিটিকে সতর্ক করে এবং মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করে। পরবর্তীতে গোপন সংবাদ ও স্থানীয় অভিযোগের ভিত্তিতে ওই সময় অভিযান পরিচালনা কালে তাদের অপরাধ দৃশ্যমান হওয়ায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্ভয়ে পশু বেচাকেনা করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনীর দল সরাসরি সহযোগিতা করে আসছে এবং এলাকায় নিয়মিত টহল ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। সাধারণ জনগণের হয়রানি রোধে এই ধরনের যৌথ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।