ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের দাবিতে ফারজানা আক্তার (১৯) নামে এক তরুনী অনশনে বসেছেন হাসিকুল মোল্যা ওরফে সাব্বির নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে।
শুক্রবার (২৩ মে) বেলা ১২ টার দিকে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামের ওই তরুনী লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের প্রবাসী হাসিকুল এর বাড়িতে অনশনে বসেন।
সরেজমিনে গেলে ওই তরুনী অভিযোগ করে বলেন, হাসিকুলের সাথে আমার ৮ মাস আগে টিকটকে পরিচয় হয়। এক পর্যয়ে আমি ডিভোর্সী জেনেও সে আমাকে বিয়ে করবে বলে প্রেমের প্রস্তাব দেয়। পরে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে তার সাথে আমার ভিডিও কলে কথা হয়। এ ছাড়া সে আমাকে পাসপোর্ট করে ভিসা লাগিয়ে তার কাছে নিয়ে যাবে বলেও প্রতিশ্রতি দেয়। এ ভাবে সে বিয়ে করবে বলে আমাকে ফুসলিয়ে গোপন ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে আমি ভিডিও ও ছবি দিতে অস্বীকৃতি জানালে সে আমার গোপন ভিডিও ও ছবি আমার আত্নীয় স্বজনের কাছে পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। আমি নিরুপায় হয়ে হাসিকুল এর বাড়িতে এসেছি সে আমাকে বিয়ে করুক তার পরিবার আমাকে মেনে নিক না হলে আমি আত্নহত্যা করবো।
এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রবাসী হাসিকুল মোল্যা ওরফে সাব্বিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি যে কারনে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত হাসিকুল এর পিতা হায়দার মোল্যা উপস্থিত সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন এবং তার অফিসার আত্মীয় আছে বলে হুমকি দিয়ে তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। একপর্যায়ে ওই তরুনীকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ওই তরুনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।