ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোঃ নাসির মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। ১৬ অক্টোবর ( বুধবার) বিকেল ৫ টায় ওই গ্রামের শেরেকুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ অক্টোবর আহতের ভাই মোঃ দুলাল মোল্যা বাদী হয়ে একই গ্রামের মৃত মহর শেখের ছেলে মোঃ মুকলুকার শেখ (৪৫) ও জাকির শেখ, আন্নাচ মোল্যার ছেলে পারভেজ মোল্যা (২৩), রফিকুল শিকদারের ছেলে করিম, শিকদার, জাকির শেখের ছেলে মোঃ কাদের শেখ (২৬) সহ ২১ জন ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৬। নাসির মোল্যা ওই গ্রামের মৃত আবুল হোসেন মোল্যার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আসামীদের সহিত বাদীর মামলা মোকদ্দমা সহ গ্রাম্য দলাদলি নিয়া পূর্ব শত্রুতা রয়েছে। ঘটনার দিন বড় ভাই মোঃ নাসির মোল্যা
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই গরুর হাটে গরু বিক্রয় করে নগদ ১১৫,০০০/- (এক লক্ষ পনের হাজার) টাকা নিয়ে নিজ নছিমন যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামীরা দেশীয় অস্ত্র সহকারে নাসির মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার একটি চোখ নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এ সময় আসামিরা নাসির মোল্যার নসিমন ভাংচুর করে ১০,০০০/- (দশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। আহত নাসির মোল্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।