আমিন টিভি ডেস্ক নিউজ
নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আকতার মুন্সীর শিশু কন্যা সুফিয়া(৯) এর রহস্যজনক মৃত্যুর তদন্ত পূর্বক প্রকৃত অপরাধীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও বারইপাড় সরকারি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা। ৬ মে (সোমবার) সকাল ১০ টায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে ওই স্কুলের সামনে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে কাঞ্চনপুর বট তলায় গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, বারইপাড়-কাঞ্চনপুর সরকারি প্রাইমারী স্কুলের সভাপতি মোঃ শওকত হোসেন, প্রধান শিক্ষক অসিত বরন সাহা, নিহত সুফিয়ার বাবা আকতার মুন্সী, চাচাত বোন জামিলা খানম, চাচা মোস্তাইন বিল্লাহসহ আরো অনেকে।
বক্তারা শিশু সুফিয়াকে ধর্ষন ও হত্যাকারীদের খুঁজে দ্রুত আইনের আওতায় আনাসহ ফাঁসীর দাবি জানান।
প্রকাশ থাকে যে, প্রতিদিনের ন্যায় ১লা মে (বুধবার) সকাল ৯ টার দিকে আত্তাবের ইট ভাটার উপর দিয়ে রিকাইলের ইট ভাটায় তার বাবার খাবার দেওয়ার পর সুফিয়া আর বাসায় ফেরেনি। পরবর্তীতে মাইকিংসহ বিভিন্ন জায়গায় খুঁজে ও তাকে না পেয়ে কালিয়া থানাকে বিষয়টি অবহিত করে। ২ মে (বৃহস্পতিবার) কালিয়া উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা নদী থেকে শিশু সুফিয়ার বিবস্ত্র মৃত দেহ উদ্ধার করে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ী।