আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাত ভাই উজির মোল্যার সাথে নাজির মোল্যার সাথে সংঘর্ষে নাজির মোল্যা গুরুতর আহত হয়েছেন। ১৮ মার্চ (সোমবার) রাত সাড়ে ৯ টার দিকে উজির মোল্যার উঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ মার্চ রাতে নাজির মোল্যার ছেলে শফিক মোল্যা বাদী হয়ে একই গ্রামের জিহাদ শিকদার, উজির মোল্যা, তার স্ত্রী কুটি বেগম, রাজু মোল্যাসহ ৫ জনকে আসামী করে কালিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মৃত ভুট্টো শিকদারের ছেলে জিহাদ শিকদার (১৭) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ। আহত নাজির মোল্যা ওই গ্রামের মৃত মুঞ্জিল মোল্যার ছেলে।
এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, মুঞ্জিল মোল্যা জীবিত থাকা কালিন প্রায় ২৫/২৬ বছর পূর্বে ইসহাক সরদারের ছেলে ওসমান সরদারের সাথে ১২ কাঠা জমি এওয়াজ বদল করে বসবাস করে আসছেন। পরবর্তীতে জানা যায় ওসমান সরদারদের দেওয়া ১২ কাঠা জমি তার আপন ভাই মনু সরদারের ছেলে রুবেল ও রিয়াল জাল করে নিয়েছে। অতঃপর ওসমান সরদার নিজের ভাইয়ের সঙ্গে না পেরে নাজির মোল্যাকে জমি দখল করিয়ে দিতে বলে। এরই ধারাবাহিকতায় উক্ত জমিতে মামলা হয় এবং ঘটনার দিন মামলার খরচ চালানোর বিষয়ে উজির মোল্যা ও নাজির মোল্যার মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে উজিরের আত্মীয় জিহাদ শিকদারের কাছে থাকা রামদা দিয়ে নাজির মোল্যার পিছনে কোপ দেয়। এ সময় রফিকুল ও তার স্ত্রীও আহত হয়। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে নাজির মোল্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম আহমেদ বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।